একটি সুইসাইড নোট
অসীম সেন
এবার আসি প্রিয়, আমার চিতায় হাস্নুহানার একটু গন্ধ দিও।
অনেক তো হল, এবার বিশ্রাম নেবার পালা।
সেই দূরের রাস্তার মোড়ে বাবা হাত ছেড়েছিল,
বলেছিল বড়ো হয়ে গিয়েছো, এবার একলা হাঁটো।
এরপর কতবার লজেন্স খেতে মন চেয়েছে,
আলুকাবলি কিংবা
কালো কালো, চিনি মাখানো হজমি গুলি।
আর ছুঁয়ে দেখার সুযোগ হয়নি, বড় হবার কী বিষম জ্বালা !
তারপর খোলা ছাদে শুয়ে তারা খসা দেখিনি কখনও,
ঘুড়ির সুতোর পিছনে লগা হাতে দৌড়াইনি আর,
বন্ধুদের সঙ্গে ন্যাড়া টেনিস বলে ক্রিকেটও খেলিনি।
সেই মোড়টায় যেদিন বাবা হাত ছেড়েছিল,
তারপর ‘না’ এর জন্য কাঁদিনি কখনও।
আমার চোখের সামনে আমাদের বড় ঘড়িটা
বন্ধ হয়ে গেল একদিন।
বৃষ্টি জলের মানচিত্র বুকে নিয়ে,
বাড়ির উত্তরের দেওয়ালটা জানান দিয়েছে,
তারও সময় ফুরিয়েছে।
গোটা ছাদে স্টোনচিপ উঠেছে, ভাঙতে ভাঙতে শেষের পথে
আমি হেঁটে চলেছি পশ্চিমের দিকে, যতক্ষণ না সূর্য ডুবছে
বাবার পরে আর কেউ হাত ধরে রাস্তা পার করেনি।
এবার হাঁপ ধরেছে। ক্লান্তি জমেছে।
হে পরমশক্তি আমায় একটা নির্ঝঞ্ঝাট মৃত্যু দাও ।