কাঠামো
শম্পা গুপ্ত
খড়বাঁশের শুষ্ক কঙ্কালে
গঙ্গার গাঢ় পলির পুণ্য প্রলেপ
তন্তুজালের মায়ায় আবৃত অনড় অবয়ব
অচেতন কাদা প্রসাধনে আজ ঈশ্বরী
ওপারে ফুটপাতের কালশিটেয় অন্য মৃন্ময়ী
রক্তের স্পন্দনবাহী এক জীবন্ত কঙ্কাল
লালসার শকুনে খামচায় তার আস্তিন
নিত্য চলে বসন খসানোর অলিখিত উৎসব
নগ্নতা ঢাকতে আসে না অলৌকিক বস্ত্র
ত্বক জুড়ে ক্ষুধার বাঁকা লিপি আবর্জনার চট
একই আলোর নিচে দাঁড়ানো দুটি কাঠামো
একের নিরঞ্জনে কাঁদে জলধি
অন্যের জীবন্ত বিসর্জন সভ্যতার উল্লাসে
ধূপের কুয়াশায় ঢাকা তীব্র নরমেধ
সুসজ্জিত শ্মশানের এই উৎসবে
ত্রিশূলের আগায় বিঁধে থাকে কন্যাভ্রূণ
তবু দুর্গা অনড় বধির পাথরের মতো
পথের কঙ্কাল আজও পায় না আবরণ
চন্দনের তিলকে ঢাকা পড়ে কলঙ্ক
প্রাণপ্রতিষ্ঠা হয় মাটির জড়তায়