ওঙ্কার ডেস্ক : বিহারের এক সরকারি কর্মসূচি থেকে মঙ্গলবার রাজ্যে কংগ্রেস ও আরজেডি জোটকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, বিরোধী জোটের প্রচারমঞ্চে তাঁর মাকে মৌখিকভাবে গালিগালাজ করা হয়েছে। এই প্রসঙ্গে এদিন তিনি জানিয়েছেন, “এইধরণের মন্তব্য প্রতিটি মা ও বোনকে অপমান করেছে।”
বিহারের মহিলা উদ্যোক্তাদের সহজ তহবিল দান এবং বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারি সংঘ লিমিটেড চালু করার পর প্রধানমন্ত্রী বলেন, “বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মায়ের প্রতি অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছে। এই অপমানগুলি কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি আপনিও আমার মতোই কষ্ট পাচ্ছেন।”
ভিডিও কনফারেন্সিংয়ে প্রায় ২০ লক্ষ মহিলাকে সম্বোধন করে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর প্রয়াত মা হীরাবেন মোদী দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে তাঁকে এবং তাঁর ভাইবোনদের মানুষ করেছেন। সেই সব কথা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মা অসুস্থ থাকতেন, কিন্তু তিনি কাজ করে যেতেন। তিনি আমাদের জন্য পোশাক তৈরির জন্য প্রতিটি পয়সা জমাতেন। আমাদের দেশে এমন কোটি কোটি মা আছেন। দেব-দেবীর চেয়েও মায়ের স্থান উঁচু।” তিনি আরও বলেন, “আপনারা সকলেই জানেন যে আমার মা আর এই পৃথিবীতে নেই। কিছু সময় আগে, ১০০ বছর বয়স পূর্ণ করার পর, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, তাঁকেই জঘন্য নির্যাতনের শিকার হতে হল আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে। এটা গভীরভাবে দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।”
সেই দুঃখ, বেদনা, পীড়ার কথা বলতে গিয়ে মোদী বলেন, “রাজপরিবারে জন্ম নেওয়া রাজকুমাররা একজন অসহায় মা এবং তার ছেলের সংগ্রামের কষ্ট বুঝতে পারবেন না। এই লোকেরা সোনা ও রূপার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। তারা বিশ্বাস করেন যে বিহারে ক্ষমতা তাদের পরিবারের। কিন্তু আপনি একজন অসহায় মায়ের ছেলেকে আশীর্বাদ করেছেন এবং তাকে প্রধানমন্ত্রী সেবক করেছেন। নামদাররা (প্রধানমন্ত্রী বিরোধী দলের রাজনৈতিক বংশধরদের লক্ষ্য করার জন্য যে বাক্যাংশ ব্যবহার করেন) এটি হজম করতে পারছেন না”। তিনি বলেন, “কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি প্রধান তেজস্বী যাদব, উভয়ই রাজনৈতিক বংশ থেকে এসেছেন। বিহারের জনগণের সামনে যারা আমার মাকে গালি দিয়েছেন, আমি তাদের বলতে চাই — মোদী হয়তো একবার তোমাদের ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বিহার এবং ভারত কখনও মায়ের অপমান সহ্য করেনি।“
বিহারের দারভাঙ্গা জেলা থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে যে একদল তরুণ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের ছবি নিয়ে মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গালিগালাজ করছে। মঞ্চের কাছে বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক দলীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, বিজেপি বলেছে যে এটি রাজনীতিতে একটি নতুন নিম্নরুচির ঘটনা। বিজেপি X-এ একটি পোস্টে উল্লেখ করেছে, “এটা অপমান, ঘৃণা এবং বর্বরতার সমস্ত সীমা অতিক্রম করেছে। এটা এমন একটা ভুল যে রাহুল এবং তেজস্বী কান ধরে হাজারবার ক্ষমা চাইলেও বিহারের মানুষ তাদের ক্ষমা করবে না। অত্যন্ত লজ্জাজনক।” সিনিয়র কংগ্রেস নেতা পবন খেরা অবশ্য পালটা অভিযোগ এনেছেন। বলেছেন, “বিজেপির ‘এজেন্টরা’ কংগ্রেসের অনুষ্ঠানে ঢুকে রাজনৈতিক ঝড় তোলার জন্য অশ্লীল ভাষা ব্যবহার করেছে। তারা আমাদের যাত্রা নিয়ে হতাশ। তাই তারা জনগনের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে চায়।”
