ওঙ্কার ডেস্ক: পঞ্জাবে ফের জোড়া লাগল বিজেপি ও শিরোমণি অকালি দলের পুরনো জোট। কৃষি আইন নিয়ে মতবিরোধে ২০২০ সালে যে জোট ভেঙে গিয়েছিল, ছয় বছর পর সেই জোটই আবার ফিরে এল। আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে গুরুপর্বের দিনে রাজধানীতে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন বিজেপি সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অকালি দল প্রধান সুখবীর সিংহ বাদল।
বেশ কয়েক সপ্তাহ ধরেই পুরনো দুই শরিকের ফের কাছাকাছি আসা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। এদিন এই বিষয় উল্লেখ করে অমিত শাহ বলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এনডিএ-র প্রাচীনতম শরিক অকালি দল আবার এনডিএ-তে ফিরে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়ার কথা জানিয়ে শাহ বলেন, প্রধানমন্ত্রী এই জোটে খুশি হয়েছেন। তাঁর মতে, এই জোট হিন্দু-শিখ ভ্রাতৃত্বের প্রতীক।
শাহ বলেন, বাদল সাহেবের সঙ্গে তাঁদের গভীর, দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ঠিক যেমন বিজেপি ও অকালি দলের মধ্যে গভীর বন্ধন রয়েছে। তাঁর বিশ্বাস, এই জোট শুধু পঞ্জাবে নয়, সারা দেশে ও বিশ্বে হিন্দু-শিখ ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠবে।
এদিন ফের ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেন শাহ। একই সঙ্গে বর্তমান আপ সরকার এবং আগের কংগ্রেস সরকারকে মাদক সমস্যা দূর করতে কিছু না করার অভিযোগে তোপ দাগেন তিনি।
আসন ভাগাভাগির কোনও বিস্তারিত তথ্য ঘোষণা করা হয়নি। তবে শাহ স্পষ্ট করে দেন, জোটে অকালি দলই থাকবে ‘বড় ভাই’। মুখ্যমন্ত্রীও হবেন পঞ্জাবের দল থেকেই। শাহ বলেন, ‘‘বড় ভাই-ই মুখ্যমন্ত্রী হয়।’’ দুই দল মিলে ১১৭টি আসনে লড়বে বলেও জানান তিনি।
২০২৭ সালের পঞ্জাব বিধানসভা ভোটের জন্য বিজেপি ও শিরোমণি অকালি দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। সূত্রের খবর, জোটের অংশ হিসেবে বিজেপি প্রায় ৪০টি আসনে লড়তে পারে। এটা হলে ২০২০ সালে জোট ভাঙার আগে বিজেপির লড়া ২৩টি আসনের প্রায় দ্বিগুণ হবে। বড় শরিক হিসেবে অকালি দল তখন ৯৪টি বিধানসভা আসনে লড়ত।
২০২২ সালের বিধানসভা ভোটে দুই দল আলাদা লড়েছিল। তখন বিজেপি জিতেছিল মাত্র দু’টি আসনে। আর অকালি দল ১১৭টির মধ্যে মাত্র তিনটি আসনে জয় পেয়েছিল।
২০২০ সালের সেপ্টেম্বরে বাতিল হয়ে যাওয়া তিন কৃষি আইন নিয়ে অকালি দল বিজেপির সঙ্গে ২৪ বছরের পুরনো জোট ছিন্ন করেছিল।
বিজেপি সভাপতি নিতিন নবীন বিজেপি-অকালি জোটকে ‘স্বাভাবিক জোট’ বলে বর্ণনা করেন। আসন্ন ভোটে এই জোট জয়ী হবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
ঘোষণার সময় অকালি দল প্রধান সুখবীর বাদল এই জোটকে শুধু রাজনৈতিক নয়, পঞ্জাবের ভালোর জন্য ‘আবেগের জোট’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, তাঁর বাবা প্রকাশ সিংহ বাদল ও অটল বিহারী বাজপেয়ী এই জোট গড়েছিলেন, এটা তাঁর কাছে আনন্দের বিষয়।
রাজ্যের আপ সরকারকে নিশানা করে বাদল অভিযোগ করেন, ‘টিম কেজরিওয়াল’ শুধু রাজ্যকে লুটতেই ব্যস্ত। তাঁর দাবি, তাঁদের জোটই পঞ্জাবকে বাঁচাবে।