নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে? ফেসবুকের প্রোফাইল ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। ফেক প্রোফাইল করে তার নামে কুৎসা রটানো হচ্ছে বলেই দাবী করেন কৃষ্ণ কল্যানীর। অন্যদিকে নিজেদেরই গোষ্ঠী কোন্দলের ফল বলে পালটা কটাক্ষ পদ্ম শিবিরের। তীব্র কটাক্ষ বাম-কংগ্রেসের।
জানা গেছে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নামে একটি ফেসবুক প্রোফাইল তৈরি হয়। যেখানে প্রধানমন্ত্রী, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্বদের ছবি থাকার পাশাপাশি “আমার পরিবার-বিজেপি পরিবার” বলে উল্লেখ রয়েছে। আর এনিয়েই রায়গঞ্জের রাজনীতি তোলপাড়।
বিধায়ক কৃষ্ণ কল্যানীর দাবি, তার নামে ফেক প্রোফাইল তৈরী করে কুৎসা রটনা হচ্ছে। তিনি বিষয়টি জানার পরই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন। এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান। পাশাপাশি এই ফেক প্রোফাইল তৈরীর সঙ্গে বিজেপি সহ বিরোধীরা যুক্ত থাকতে পারে বলে তিনি দাবী করেন।
অন্যদিকে বিধায়কের এই দাবিকে তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের। বিজেপির পালটা অভিযোগ, কিছুদিন আগে রায়গঞ্জের পরিচ্ছন্নতা নিয়ে পুর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক। তাতে দলের মধ্যেই চরম গোষ্টীদ্বন্দ প্রকাশ্যে এসেছে।
বিজেপির পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েনি বাম কংগ্রেসও। বাম কংগ্রেসের দাবী, বিজেপির এমএলএ হয়ে জিতেছিলেন, পরে তৃনমুলে গেছেন। এই দল বদল নিয়ে তারা চিন্তিত নয়।
