নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: বুধবার সকালে পানাগড় রেল স্টেশন সংলগ্ন রেললাইন থেকে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম পাপ্পু বিশ্বাস। বয়স ৫০ বছরের ঊর্ধ্বে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাপ্পু মূলত বুদবুদ থানার কোটা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে ব্যবসার সূত্রে দীর্ঘদিন ধরে পানাগড় বাজারের রেলপাড় এলাকায় থাকতেন। সেখানেই তাঁর মোবাইল মেরামতি ও বিক্রির দোকান ছিল।
বুধবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা রেললাইনের উপর দেহটি পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রাই দেহটি শনাক্ত করেন। এরপর রেল পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পানাগড় স্টেশন জিআরপি পোস্টের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর পাপ্পু বিশ্বাসের স্ত্রীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রতিবেশীদের একাংশ জানিয়েছেন।