ওঙ্কার ডেস্ক: ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে আলোচনা হল দুই দেশের শীর্ষ কূটনৈতিক মহলে। বুধবার কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি। প্রতিবেশী দুই দেশের বহুমুখী সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার উপায় নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছে নেপালের বিদেশমন্ত্রক।
দু’দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছেন মিশ্রি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি নিয়েই মূলত তাঁর এই সফর। নভেম্বরের শেষ সপ্তাহে শাহের নয়াদিল্লি আসার কথা রয়েছে বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। বুধবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর মিশ্রিকে স্বাগত জানান নেপালের বিদেশমন্ত্রকের যুগ্মসচিব গেহেন্দ্র রাজভাণ্ডারী এবং ভারতে সদ্য নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সুধাকর দালেলা।
নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাইয়ের আমন্ত্রণে কাঠমান্ডু গিয়েছেন ভারতের বিদেশসচিব। শাহের প্রস্তাবিত ভারত সফর নিয়ে আলোচনা ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় তাঁর আলোচ্যসূচিতে রয়েছে। সফরকালে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে ভারতের বিদেশসচিবের দায়িত্ব নেওয়ার পর এটি মিশ্রির দ্বিতীয় কাঠমান্ডু সফর। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।