ওঙ্কার ডেস্ক: আগামী ২০২৭ সালে গোটা দেশে জনগণনার লক্ষ্যে বাজেট অনুমোদন করল এনডিএ সরকারের মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আগামী জনগণনার জন্য ১১,৭১৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে জনগণনা দুটি পর্যায়ে পরিচালনা করা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ২০২৭ সালের জনগণনার প্রথম ধাপে বাড়ি গণনা হবে। যা ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনা হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত, পার্বত্য অঞ্চলে জনসংখ্যা গণনা হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে। পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও এই সময় পর্বে জনগণনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই কাজে প্রায় ৩০ লক্ষ মাঠ পর্যায়ের কর্মী নিযুক্ত থাকবেন। যার ফলে ১.৫ কোটিরও বেশি কর্মদিবস তৈরি হবে। প্রসঙ্গত, ২০২৭ সালে হতে চলা জনগণনা হবে ভারতের প্রথম ডিজিটাল আদমশুমারি।
মন্ত্রী বলেন, ‘তথ্য বিতরণ অনেক ভাল এবং ব্যবহার-বান্ধব হবে, যাতে নীতি নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্যারামিটার সম্পর্কিত সমস্ত প্রশ্ন একটি ক্লিকেই পাওয়া যাবে।’ তিনি আরও বলেন যে, সেন্সাস-অ্যাজ-এ-সার্ভিস (CaaS) মন্ত্রকগুলিতে একটি স্বচ্ছ, যন্ত্র দ্বারা পাঠযোগ্য এবং কার্যকরী তথ্য জোগাবে। সঠিক সময়ে সর্বক্ষণ সমগ্র জনগণনা পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য একটি আদমশুমারি ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সিস্টেম পোর্টাল তৈরি করা হয়েছে।
