ওঙ্কার ডেস্ক: তদন্তের কাজে গাড়িতে চেপে যাচ্ছিলেন পুলিশের তিন আধিকারিক। কিন্তু সেই যাত্রাপথে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। সেতু থেকে গাড়িটি ক্ষীপ্রা নদীতে পড়ে ভেসে গেল জলের স্রোতে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলায়। জানা গিয়েছে গাড়িতে ছিলেন, থানার ইনচার্জ, একজন সাব-ইন্সপেক্টর এবং একজন মহিলা কনস্টেবল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে নদী থেকে থানার ইনচার্জ অশোক শর্মার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও উদ্ধার করা যায়নি বাকি দুজনের দেহ। এনডিআরএফ এবং এসডিইআরএফ দল অভিযান জারি রেখেছে। ১৪ বছর বয়সী এক কিশোরীর নিখোঁজ সংক্রান্ত ঘটনার তদন্তের কাজে রাত ৮টা নাগাদ উজ্জয়নী শহর থেকে চিন্তামনের দিকে যাচ্ছিলেন উজ্জয়নী জেলার উনহেল থানায় কর্মরত তিন পুলিশ আধিকারিক ও কর্মী। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে সওয়ার ছিলেন থানার ইনচার্জ অশোক শর্মা, সাব-ইন্সপেক্টর মদনলাল নিনামা এবং কনস্টেবল আরতি পাল। উজ্জয়নী জেলার পুলিশ সুপার প্রদীপ শর্মা রবিবার বলেন, ‘তিন জন পুলিশ সদস্য গাড়িতে ছিলেন। গাড়িটি সম্ভবত মহিলা কনস্টেবল আরতি পাল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায় গাড়িটি।’
দুর্ঘটনার খবর পেয়ে উজ্জয়নীর এসপি প্রদীপ শর্মা, পৌর কমিশনার অভিলাষ মিশ্র এবং অতিরিক্ত পৌর কমিশনার সন্তোষ ঠাকুর-সহ সকল ঊর্ধ্বতন কর্তা ঘটনাস্থলে পৌঁছন। রাত ৮.৩০ মিনিট নাগাদ উদ্ধারকাজ শুরু হয়।
