ওঙ্কার ডেস্ক: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, এই নিয়োগ দুর্নীতিতে বেশ কয়েক জন রাজনৈতিক নেতানেত্রীর পরিচিতেরা সুযোগ নিয়েছেন। একাধিক প্রভাবশালীর পরিচিতরা চাকরি পেয়েছেন পুর-নিয়োগ দুর্নীতিতে।
উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। এই মামলায় ব্যবসায়ী অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালান আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কিছু ওএমআর শিট। সেই সূত্র ধরে পুরসভার নিয়োগে দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা। প্রসঙ্গত, অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেন গোয়েন্দারা।
গত বছর এই মামলায় প্রথম চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কী ভাবে নিয়োগ দুর্নীতিতে টাকা লেনদেন হয়েছে, চার্জশিটে সেই সব বিষয়ে উল্লেখ করেছিলেন গোয়েন্দারা। চার্জশিটে সিবিআই দাবি করেছিল, অয়নের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েক জনের চাকরি হয়েছিল। তাদের কাছ থেকে অন্তত ৫০ হাজার টাকা করে নিয়েছিল অয়নের এজেন্টরা। অভিযোগ, অয়নের মাধ্যমে কলকাতা-সহ ১৬টি পুরসভায় বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অনেকে। সূত্রের খবর, অয়নের মাধ্যমে কারা নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পেয়েছেন, এ বার চার্জশিটে সেই বিষয়টি উল্লেখ করতে পারে সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতিতেও অনেক প্রভাবশালী নেতা নেত্রীর আত্মীয়রা চাকরি পেয়েছিলেন। পুর নিয়োগ দুর্নীতিতে কারা রয়েছেন আপাতত সেদিকেই নজর কৌতুহলীদের।
