ওঙ্কার ডেস্ক : সিবিএসই বোর্ডের নবম শ্রেণির পড়ুয়ারা আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বই দেখেই পারবে পরীক্ষা দিতে। ইতিমধ্যে এই প্রস্তাবকে সমর্থন করেছেন শিক্ষকরা। সম্প্রতি এক পাইলট স্টাডিতে শিক্ষকদের সমর্থন মেলার পর বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণ সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান – বিষয়গুলির পরীক্ষাতে বই দেখে লিখতে পারবে পড়ুয়ারা। জাতীয় শিক্ষানীতি ২০২০- এর ভিত্তিতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকে এই পদ্ধতির বিরোধিতাও করছেন। তাদের উদ্দেশে এনসিএফএসই জানিয়েছে, ওপেন-বুক বা বই দেখে পরীক্ষা পদ্ধতিতে পড়ুয়ারা উত্তর লেখার সময় বইয়ের রেফারেন্স ব্যবহার করতে পারবে। কেবল মুখস্থ না করে তথ্য সঠিক জায়গায় ব্যবহার করতে পারার ক্ষমতা যাতে পড়ুয়ারা লাভ করতে পারে সেই জন্য এমন সিদ্ধান্ত। পাশাপাশি বিভিন্ন প্রেক্ষাপটে উত্তরের প্রয়োগ এবং বিশ্লেষণী দক্ষতা যাচাই করাও উদ্দেশ্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সিবিএসই নবম থেকে দ্বাদশ শ্রেণিতে বই দেখে পরীক্ষা দেওয়ার পাইলট প্রকল্প শুরু করেছিল। যার ফলাফল প্রকাশিত হয় গত বছর ফেব্রুয়ারিতে। রিপোর্টে প্রকাশ পড়ুয়াদের প্রাপ্ত নম্বর ১২% থেকে বেড়ে হয়েছে ৪৭%। তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তবে বই দেখে পরীক্ষা দেওয়ার পদ্ধতি সিবিএসই বোর্ডের ক্ষেত্রে একেবারে প্রথম নয়। ২০১৪ সালে বই দেখে পরীক্ষা দেওয়ার নিয়ম চালু করেছিল নবম ও একাদশ শ্রেণির কিছু বিষয়ে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এই পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়।
