নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে ইস্পাত নগরীতে। তারই মধ্যে বি-জোন টাউনশিপের অন্যতম বিগ বাজেটের পুজো নিউটন ইয়ং কর্নারের মণ্ডপের উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পৌঁছোন তিনি।
এবছর ৫১তম বর্ষে পা দিল এই পুজো। প্রতিবছরের মতো এবারও দর্শনার্থীদের বড় ভিড় টানতে চলেছে নিউটন ইয়ং কর্নার। এবারের মূল থিম ‘ত্রিদেব মহাকাল’। থিমের মাধ্যমে মহাকালের তিন রূপকে নান্দনিকভাবে তুলে ধরার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। মূল মণ্ডপের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরও একটি আকর্ষণীয় থিমও। উদ্বোধনী অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শুধু আলো আর থিমই নয়, প্রতিবারের মতো এবারও পুজোর দিনগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে পুজো কমিটি। পুজোর আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরই তাদের পুজো দেখতে প্রচুর মানুষ আসেন। ৫১তম বর্ষের বিশেষ থিম ‘ত্রিদেব মহাকাল’ ঘিরে এবারও দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। পুজোর ক’দিন বিপুল জনসমাগমের আশা করছেন উদ্যোক্তারা।