ওঙ্কার ডেস্ক: খেলতে গিয়ে খোলামুখ ম্যানহোলে পড়ে গেল চার বছরের এক শিশু। মঙ্গলবার রাতে দিল্লির নাংলি বিহারের দাস কলোনিতে এই ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারে রাত থেকেই শুরু হয়েছে তৎপরতা। একাধিক সংস্থার কর্মীরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। তবে এখনও তার সন্ধান মেলেনি। উদ্ধার অভিযানে সামিল হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি অগ্নিনির্বাপণ পরিষেবা (ডিএফএস), দিল্লি পুলিশ, দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ডিডিএমএ) এবং সীমান্তরক্ষা বাহিনী। শিশুটির অবস্থান চিহ্নিত করতে বিভিন্ন পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে।
অগ্নিনির্বাপণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাত পৌনে ১০টা নাগাদ দুর্ঘটনার খবর আসে। ফোনে জানানো হয়, খেলতে গিয়ে একটি শিশু ম্যানহোলে পড়ে গিয়েছে। এক আধিকারিকের বক্তব্য, মায়ের সঙ্গে খেলার সময় শিশুটি অসাবধানতাবশত খোলা ম্যানহোলে পড়ে যায়। তাঁর আশঙ্কা, মাটির নীচে নিকাশি নালার কোনও অংশে আটকে থাকতে পারে শিশুটি। উদ্ধারকারীরা তল্লাশি চালালেও এখনও তার খোঁজ পাননি। পরিবারের তরফে জানা গিয়েছে, নিখোঁজ শিশুটির নাম ইমরান। তার বাবা খুরশিদ আলম জানিয়েছেন, সন্ধ্যায় মায়ের সঙ্গে কাছের একটি পার্কে খেলতে গিয়েছিল সে। পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ম্যানহোলের দিকে যায়। কিন্তু সেটির মুখ খোলা থাকলেও অন্ধকারে দেখতে পায়নি ইমরান। ফলে পা পিছলে ভিতরে পড়ে যায়।
মহকুমাশাসক রজত মলহোত্রা জানিয়েছেন, খুরশিদ আলমের ফোন পাওয়ার পরেই প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। এনডিআরএফের নেতৃত্বে একটি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতির নতুন কোনও অগ্রগতি হলে তা জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। উদ্ধারকারীরা সাকশন পাইপ এবং বিশেষ স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছেন। প্রথমে শিশুটি ঠিক কোথায় আটকে রয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হওয়ার পরই পরবর্তী উদ্ধার অভিযান চালানো হবে।