অর্পিতা মুখার্জী, কলকাতা: সকালটা আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল। গুয়াহাটি ছাড়ার পর সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু দিগারুর কাছে পৌঁছতেই বদলে গেল ছবিটা। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি, তারপর বিকট আওয়াজ। কলকাতা থেকে সাইরাং যাওয়ার ট্রেনটি তখন লাইন ছেড়ে বেরিয়ে গিয়েছে।
বুধবার ভোরে, ৬টা ৫৪ মিনিটে এই ঘটনা ঘটে। প্রথমে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। পরে একে একে আরও পাঁচটি বগি সরে যায় লাইন থেকে। যার ফলে তীব্র ঝাঁকুনি অনুভব করেন ট্রেনের ভিতরের যাত্রীরা। ঘটনায় গুরুতর আঘাত পান বেশ কয়েকজন। ট্রেনের খাবার গাড়ির দায়িত্বে থাকা ম্যানেজার জানান, তখন প্রায় সবাই ঘুমের মধ্যে ছিলেন। গুয়াহাটি থেকে ছাড়ার পর ট্রেনের গতি বেশ ভালোই ছিল। দিগারুতে ঢোকার মুখে গতি কমতে শুরু করে। তাঁর বক্তব্য, “প্ল্যাটফর্ম পেরিয়ে যেতেই কান ফাটানো শব্দ হল। পুরো কামরা দুলে উঠল। আমি সিট থেকে নীচে পড়ে গেলাম।”
প্রথম ধাক্কাতেই তিনি আঁচ করেন, বড় কিছু ঘটে গিয়েছে। দরজা খুলে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু দরজা খোলেনি। তাঁর মনে হয়, লাইন ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও ট্রেনটি এগিয়ে চলেছে। প্রায় এক কিলোমিটার ওইভাবে যাওয়ার পর, মিনিট দশেক পরে ট্রেনটি দাঁড়ায়। তিনি আরও বলেন, ইঞ্জিন আর পাওয়ার কার একেবারে নষ্ট হয়ে গিয়েছে। গতি কম থাকায় এ যাত্রায় বড় বিপদ হয়নি।
যাত্রীরাও একই কথা বলছেন। এক যাত্রীর কথায়, বিপদ বুঝে সবাই বাইরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু উল্টে যাওয়া বগিগুলির ভেতর দিয়ে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দুটি বগির মাঝখানের জায়গা এতটাই চেপে গিয়েছিল যে, সেখান দিয়ে পার হওয়া যাচ্ছিল না।
রেলের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, আর একটি ট্রেনকে পথ দিতে গিয়ে এই ট্রেনটিকে পাশের লুপ লাইনে ঢোকানো হয়েছিল। সেখানে ঢোকার সময় চালক ট্রেনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে। বলা হচ্ছে, সেটি দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে চালকের কেবিনে তোলা। তবে ভিডিওটি আসল কিনা, তা এখনও নিশ্চিত নয়। ওই ভিডিওতে চালককে বলতে শোনা যাচ্ছে, লাল সংকেত দেখা যাচ্ছে, জরুরি ব্রেক সহ কিছুই কাজ করছে না। এই কথা বলার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড শব্দে ট্রেনটি লাইন থেকে সরে যায়।