ওঙ্কার ডেস্ক: ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাকের সতর্কবার্তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। উড়ানের প্রস্তুতি নেওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পাইলটের কাছে পৌঁছয় বিশেষ বার্তা। তাতে বিমানটি হাইজ্যাকের হুমকি রয়েছে বলে জানানো হয়। এরপরই তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। শুরু হয় নিরাপত্তা তল্লাশি। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। বিমানবন্দরেও উদ্বেগের পরিবেশ তৈরি হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। কলকাতা থেকে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানের। ওই উড়ানে মোট ৯২ জন যাত্রী ছিলেন। তাঁরা বিমানে উঠে নিজেদের আসনেও বসে পড়েছিলেন। বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন পাইলট। ঠিক সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে তাঁর কাছে আসে সতর্কবার্তা। বিমানে হাইজ্যাকের আশঙ্কার কথা জানানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কিছু লেখা পাওয়া যায়। পাশাপাশি একটি চিরকুটও উদ্ধার হয়েছে বলে খবর। এই বার্তা সামনে আসতেই উড়ানটি সাময়িকভাবে বাতিল করা হয়। নির্দেশ মেনে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যান পাইলট। যাত্রীদেরও বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
হঠাৎ এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অন্যদিকে, আইসোলেশন বে-তে বিমানটিকে নিয়ে যাওয়ার পর শুরু হয় তল্লাশি অভিযান। বিমানের ভিতরে কীভাবে হুমকির চিরকুট পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। হুমকিটি সত্যি, নাকি নিছক দুষ্টুমি—সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।