ওঙ্কার ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানের দৌসায়। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে এসে সজোরে ধাক্কা মারল পুণ্যার্থী বোঝাই একটি পিকআপ ভ্যান। যার ফলে মৃত্যু হল সাত শিশু-সহ ১০ জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন মহিলাও। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার ভোর ৪টা নাগাদ বাপি গ্রামে এই ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সালাসার বালাজি থেকে পুণ্যার্থীদেরকে নিয়ে পিক আপ ভ্যানটি ফিরছিল। সেই যাত্রাপথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে ১০ জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় নয় জনকে জয়পুরে স্থানান্তর করা হয়েছে। দৌসার পুলিশ সুপার সাগর রানা এই ঘটনা নিয়ে বলেন, ‘মনোহরপুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে, যেখানে কমপক্ষে ১০ জন মারা গেছেন। নিহতরা খাতু শ্যামে পুজো দিয়ে ফিরছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে এসএমএস হাসপাতালে রেফার করা হয়েছে।’ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উত্তর প্রদেশের এটার পুণ্যার্থীরা দুটি পিকআপ ভ্যানে করে সালসার বালাজি থেকে ফিরছিলেন। ঘটনার সময়, একটি ভ্যান এগিয়ে গেলেও অন্যটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনার কবলে পড়া পিকআপ ভ্যানটিতে অনেকে পুণ্যার্থী ছিল। কী কারণে দুর্ঘটনা ঘটল তার তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘দৌসায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর যেন মৃতদের আত্মার শান্তি দেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।’
