অর্পিতা মুখার্জি, কলকাতা: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ফরেনসিক রিপোর্টে উঠে এল বিস্ফোরক তথ্য। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মণ্ডপে ১৩৪ টনের ২৪টি এসি লাগানো ছিল, কিন্তু বিপুল ভিড়ের কারণে তা যথেষ্ট ছিল না। ভেন্টিলেশন ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না, ফলে ভিতরে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়।
ফরেনসিক দলের মতে, মণ্ডপ ফাঁকা থাকলে বা ভিড় নিয়ন্ত্রণে থাকলে এই এসিই যথেষ্ট ছিল। কিন্তু অতিরিক্ত ভিড়ে এসি কাজ করেনি, বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে একসঙ্গে বহু দর্শনার্থী তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে বড়সড় বিপর্যয় ঘটে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে, ফলে মণ্ডপের ভেন্টিলেশন নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, প্রথম সপ্তমীর রাতে চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে ২৫ জন।
ঘটনার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাইকোর্টের কোনও বিচারপতির নেতৃত্বে তদন্তের ঘোষণা করেন। মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। হাইকোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে রাজ্য সরকার।
ওই সিটে রয়েছেন বিপর্যয় মোকাবিলা ও নাগরিক সুরক্ষা দপ্তরের সচিব, এসটিএফের ডিজি, আইজি, এনডিআরএফের সদস্য, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি।