ওঙ্কার ডেস্ক: গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা ও দেব দীপাবলি। মঙ্গলবার একই দিনে পালিত হচ্ছে তিনটি ধর্মীয় উৎসব। এমন বিশেষ দিনে সকালে বালির গুরুদ্বারে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁদের সঙ্গে সৌহার্দ্যের বার্তা দিলেন তিনি।
এদিন গুরুদ্বারে পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান কমিটির সদস্যরা। উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তাঁকে। তুলে দেওয়া হয় শিখ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তলোয়ারও। এরপর গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম করেন শুভেন্দু। গুরুদ্বারে উপস্থিত অন্যদের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত শোনেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তিনি। শিখ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলার সময় নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই এই সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। কোনও পদমর্যাদা বা ক্ষমতার কারণে নয়, বরং আন্তরিকতার টানেই তাঁরা তাঁকে আপন করে নিয়েছেন।
শুভেন্দু বলেন, ‘‘আমি যখন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কোনওটাই ছিলাম না, তখন থেকেই ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওঁরা আমাকে আপন করে নিয়েছেন। আমার পদ বা ক্ষমতা কখনও বিচার করেননি। সেই সম্পর্ক আজও অটুট রয়েছে।’’ এর আগেও গুরু নানকের জন্মজয়ন্তী ও প্রকাশ পরবে তিনি এই গুরুদ্বারে এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গুরু নানকের ৩৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে শিখ সম্প্রদায়ের মানুষের জন্য বাসের ব্যবস্থাও করেছিলেন তিনি। এদিন গুরুদ্বার চত্বরে একটি কমিউনিটি সেন্টার তৈরির বিষয়েও আশ্বাস দেন শুভেন্দু। তিনি জানান, গত বছরই এই প্রস্তাব তাঁর কাছে রাখা হয়েছিল। তখন মুখ্যমন্ত্রীর পদে না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে কাজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সরকারি উদ্যোগে সেই কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।