ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান তিনি। তবে তাঁর সেই প্রত্যাবর্তনের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিল বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, শেখ হাসিনাকে সাধারণ যাত্রীর মতো দেশে ফিরতে দেওয়া হবে না। তাঁকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে হাতকড়া পরিয়ে ফেরানোর হুঁশিয়ারি দিয়েছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিনার বিরুদ্ধে ফের সন্ত্রাসবাদের অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, বাংলাদেশে সন্ত্রাসবাদের একটি পরিচিত রূপ রয়েছে। সেটি হল শেখ হাসিনার মদতপুষ্ট ‘আওয়ামি সন্ত্রাসবাদ’। হাসিনাকে দণ্ডিত অপরাধী এবং পলাতক সন্ত্রাসবাদী বলেও কটাক্ষ করেন তিনি। হুমায়ুন কবিরের কথায়, অর্থের বিনিময়ে সংবাদ প্রকাশ করিয়ে কিংবা বিভিন্ন মহলের সাহায্য নিয়ে দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করা যেতে পারে। কিন্তু ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁর দাবি, প্রত্যর্পণ ছাড়া কোনওভাবেই হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। হাসিনার দেশে ফেরার স্বপ্নকে দুঃস্বপ্নের সঙ্গেও তুলনা করেন তিনি।
সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন ৭৯ বছর বয়সি হাসিনা। তাঁর এই ঘোষণার পরই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগ। অন্যদিকে, হাসিনা চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট-সহ প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার পর থেকেই দেশে হিংসার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ব্যবস্থা করার আবেদনও জানিয়েছিলেন হাসিনা। পাশাপাশি, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়ার আর্জি জানান তিনি। তবে সেই আবেদনে সাড়া দিতে নারাজ বাংলাদেশের সরকার।
সরকারের বক্তব্য, ভারতে অবস্থানরত হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফেরানো সম্ভব। গত বছর বাংলাদেশের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতেই এই সাজা ঘোষণা করা হয়। যদিও নির্বাসনে থাকা হাসিনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।