ওঙ্কার ডেস্ক: বিশ্ব বাণিজ্যে ফের অস্থিরতা তৈরির আশঙ্কা। আমদানি শুল্ককে হাতিয়ার করে নতুন করে কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার আমেরিকার নিশানায় ভারত-সহ একাধিক দেশের পণ্য। তালিকায় রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নও। বিদেশি সংস্থাগুলিকে সরকারি ভর্তুকি দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওয়াশিংটনের। এই অভিযোগের ভিত্তিতেই নতুন করে শুল্ক চাপানোর পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশি প্রতিযোগিতার কারণে আমেরিকার অভ্যন্তরীণ শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে ট্রাম্প সরকার। বিভিন্ন দেশের সরকার নিজেদের শিল্প সংস্থাগুলিকে বিপুল আর্থিক সহায়তা ও ভর্তুকি দিচ্ছে। এর ফলে ওই দেশগুলির সংস্থাগুলি তুলনামূলক কম দামে পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারছে। মার্কিন শিল্প সংস্থাগুলি এই অসম প্রতিযোগিতার শিকার হচ্ছে বলে দাবি প্রশাসনের। অন্য একটি বেসরকারি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বুধবারই নতুন শুল্কের ঘোষণা হতে পারে। কয়েক মাস ধরে চলা তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
গত ১১ মার্চ ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় এই তদন্ত শুরু হয়েছিল। মোট ১৬টি দেশের অর্থনীতিতে সরকারি ভর্তুকি ও শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই তালিকায় রয়েছে ভারত, চিন এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ একাধিক অর্থনীতি।
মার্কিন প্রশাসনের অভিযোগ, সরকারি আর্থিক সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলির উৎপাদন ক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফলে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য তৈরি হচ্ছে। সেই পণ্য আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। এর জেরে আমেরিকার নিজস্ব শিল্পক্ষেত্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে দাবি ওয়াশিংটনের। নতুন শুল্ক কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকায় রফতানি হওয়া অধিকাংশ পণ্যের উপরই তার প্রভাব পড়তে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির মতো কয়েকটি শিল্পপণ্য এই তালিকার বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, জাতীয় নিরাপত্তার যুক্তিতে এই পণ্যগুলির উপর ইতিমধ্যেই পৃথক আইনে শুল্ক আরোপ করা হয়েছে।