অর্ণব দত্ত
কয়েক দশক আগেও ভারতীয় সমাজে প্রেম ছিল ভীষণ ব্রাত্য। প্রেম ছিল অতি গোপনীয়, তা প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের মধ্যেও। না হলে অভিভাবকদের রক্তচক্ষু অবশ্যম্ভাবী। সম্বন্ধ করে বিয়ের প্রথাই ছিল ভারতীয় সমাজে বৈধ রীতি। তা বলে কি সেদিন প্রেম থেকে দূরে থেকেছেন দুই অনুরাগী ? অবশ্যই না। ভারত প্রেমকথা পূজিত হলেও, তা ছিল বাস্তবে ভীষণ ঝুঁকিপূর্ণ। অনেকক্ষেত্রে প্রেম করে বিয়ে করলে অভিভাবকরা শিক্ষিত প্রাপ্তবয়স্ক সন্তান-সন্ততিকে পরিবার থেকে বহিষ্কৃত করতেন। সম্পর্ক পর্যন্ত রাখতেন না। ষাট-সত্তর দশকে এমন ঘটেছে অনেকক্ষেত্রেই। এমনকি আশির দশকেও।
স্বাধীনতার আগে নারীশিক্ষায় অগ্রগামী মেয়েরা প্রেম করে বিয়ে করলে পরিবারের সদস্যরা নব্য দম্পতির সঙ্গে যোগাযোগ রাখতেন না। এদিকে ভারতীয় সংস্কৃতিতে স্বয়ম্বর সভা ছিল সমাজ স্বীকৃত প্রথা। রাজকন্যেরাও পছন্দমতো পাত্রের গলায় বরমাল্য পরাতেন। মুনিঋষিদের কন্যেদের প্রেমকাহিনি আজও অমর। বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদার তাঁর প্রখ্যাত বই পাকদণ্ডীতে লিখেছিলেন, প্রেম করে বিয়ে করার জন্যে তাঁর বাবা তাঁর সঙ্গে আজীবন সম্পর্ক ত্যাগ করেছি্লেন।
প্লেটোনিক প্রেম বলে যে ধারণা চালু আছে, তাতে বিশ্বাস করেন না অধিকাংশ মানুষই। কেননা প্রেম এবং যৌনতা পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্য। নারী-পুরুষের প্রেমের পাশাপাশি নারীর সঙ্গে নারীর মানসিক এবং শারীরিক প্রেম এবং পুরুষের সঙ্গে পুরুষের মানসিক এবং শারীরিক প্রেম সম্পূর্ণভাবে প্রাচীন ভারতের হিন্দু সমাজে স্বীকৃত ছিল। সারা দেশে যুবক-যুবতীদের মধ্যে প্রেমপিরীতি এখন প্রেমের বারণ কাটিয়ে অভিভাবকদের তথা গোটা সমাজকে আধুনিক করে তুলেছে গত তিন দশকের বেশি সময় ধরে। ছেলেমেয়েরা পরস্পরের সঙ্গে প্রেমিক-প্রেমিকার সম্পর্কে যুক্ত হচ্ছেন। মধ্যবয়স্ক মহিলারাও প্রেমের সম্পর্কে যুক্ত হচ্ছেন।
সাম্প্রতিক নানা সমীক্ষায় দেখা যাচ্ছে, ২৬ থেকে ৪০ বছর বয়সের প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্কজনিত মনোমালিন্য চলছে। একই অবস্থা ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত প্রেমিক-প্রেমিকাদের। প্রেমই সর্বশ্রেষ্ঠ, একথা সর্বজনমান্য হলেও ভারতীয় সমাজে প্রেম করতে গিয়ে মনোরোগে আক্রান্ত নারী-পুরুষের সংখ্যা ক্রমবর্ধমান।
মনোরোগের প্রধান কারণ প্রেমিক-প্রেমিকাদের ভিতর উদ্বেগজনিত সমস্যা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রেমিকাদের মধ্যে মনোরোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রেমিকদের তুলনায় বেশি। শতাংশের হিসেবে ৫১ শতাংশ প্রেমিকা মনোরোগে আক্রান্ত হচ্ছেন। সেই তুলনায় প্রেমিকের সংখ্যা ৪১ শতাংশ। রাজধানী দিল্লিতে প্রেমঘটিত সম্পর্কে জেরে উদ্বেগজনিত সমস্যা ১৮ বছর থেকে ৪০ পর্যন্ত নারী-পুরুষের সংখ্যা উত্তরোত্তর হারে বৃদ্ধি পাচ্ছে। নিউ মেন্টাল হেলথ স্টাডি এই তথ্য জানিয়েছে। সাইক্রিয়াট্রিস্টদের অভিমত, এই সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। তবে এক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই প্রক্রিয়াগুলির মধ্যে রয়েছে ধ্যান, যোগা, নিয়মিত দৈহিক শিক্ষা, পুষ্টিকর খাদ্যগ্রহণের প্রভৃতি অভ্যাস।
সারা দেশের বৃহৎ শহরগুলো মধ্যে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে এমনকি কলকাতায় নারী-পুরুষ সম্পর্কজনিত গোলমাল বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর হারে। সমীক্ষা অনুসারে, প্রেমিক-প্রেমিকার মধ্যে সম্পর্কজনিত গোলমালের জেরে ৪৭ শতাংশ পুরুষ এবং ৫৩ শতাংশ নারী প্রেম করতে গিয়ে শেষমেশ একের অপরের সঙ্গে ঝামেলায় জর্জরিত। দিল্লিতে ২৬ থেকে ৪০ শতাংশ প্রেম করতে গিয়ে রোগাক্রান্ত। বিশেষত উদ্বেগজনিত কারণে। পুনেতে একই পরিস্থিতি। সিটি জয় কলকাতায় প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সম্পর্কজনিত গোলমালের জেরে ৪৫ শতাংশ প্রেমিক-প্রেমিকা হরেক কিসিমের মনোবিকারের শিকার।
আসলে কিছু কিছু জিনিস শেখানো যায় না। কীভাবে প্রেম করতে হয়, তা শেখানোর পাঠশালাও নেই। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, মনকে সুস্থ রাখতে হলে রোজ ঘটি পরিষ্কার করতে হয়। তা তিনি সংসারী কিংবা সাধু যাই হোক না কেন। অন্যভাবে ব্যাখ্যা করলে ঘরদোর পরিষ্কার রাখতে রোজ ঝাঁটপাট দিতে হয়। না হলে তা অস্বাস্থ্যকর। প্রেমও তেমন। প্রেম আসলে পরস্পরকে বিশ্বাস এবং একসঙ্গে জীবনের পথ পরিক্রমার দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা পারস্পরিক বিশ্বাস নির্ভর।
না হলে প্রেম জীবন থেকে অন্তর্হিত হবে। বৃদ্ধি পাবে একে অপরের প্রতি সন্দেহ। এই সমস্যা কেবল ভারতে নয়, পৃথিবীর উন্নত দেশগুলিতেও বেনোজলের মতো প্রবেশ করছে। আর বিশ্বজনীন সমস্যাটা আদ্যন্ত সামাজিক।