ওঙ্কার ডেস্ক: রাজ্যে পালাবদলের পর শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই প্রকল্প চালুর বিষয়ে নির্দিষ্ট সময় জানালেন তিনি। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে এই প্রকল্পে আবেদন জমা নেওয়া শুরু হবে। স্নাতক এবং স্নাতক স্তরের নীচে পড়াশোনা করা শিক্ষিত বেকাররাও আবেদনের সুযোগ পাবেন।
এর আগে তৃণমূল সরকারের আমলে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় যুবসাথী প্রকল্পের মাধ্যমে বহু উপভোক্তা মাসে ১,৫০০ টাকা করে পেয়েছেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নতুন সরকারও কি সেই আর্থিক সহায়তা চালু রাখবে? ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বেকারদের পাশে থাকবে তাঁর সরকার। তবে প্রকল্পটি কবে থেকে কার্যকর হবে, তা নিয়ে স্পষ্ট কোনও ঘোষণা ছিল না।
এবার সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। এরপর জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এদিন পুরশুড়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “যতক্ষণ না চাকরি পান, সরকার পাশে থাকবে।” তবে প্রকল্পের আবেদন পদ্ধতি, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকেই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।