ওঙ্কার ডেস্ক: সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে আর্থিক চাপের মুখে পড়তে হয় বহু চাকরিপ্রার্থীকে। একাধিক পরীক্ষায় আবেদন করতে গিয়ে ফর্ম পূরণের জন্য খরচ করতে হয় মোটা টাকা। এবার সেই বোঝা কমানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা, সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য আর কোনও ফি দিতে হবে না পরীক্ষার্থীদের। বিনামূল্যেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই প্রতিশ্রুতির কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির সংকল্পপত্রে সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী উপযুক্ত সময়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অর্থ দফতর কাজ শুরু করেছে বলেও জানান তিনি। আবেদন ফি তুলে দেওয়ার প্রয়োজনীয়তা বোঝাতে পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার উদাহরণ দেন শুভেন্দু। তাঁর দাবি, এই পরীক্ষায় ৯ হাজার শূন্যপদের বিপরীতে প্রায় সাড়ে ৮ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হলে বিপুল অর্থ জমা হয়। অথচ শেষ পর্যন্ত চাকরি পাবেন মাত্র ৯ হাজার জন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাকি পরীক্ষার্থীদের চাকরি না হলেও পরীক্ষায় বসার জন্য তাঁদের টাকা খরচ করতে হচ্ছে। অনেকের কাছেই এই খরচ বড় আর্থিক বোঝা। সেই সমস্যা দূর করতেই সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি সম্পূর্ণ তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুধু আবেদন ফি মকুব নয়, চাকরির প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা দেওয়ারও উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এদিন ‘ভরসা স্কিম’ নিয়েও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, গ্র্যাজুয়েট এবং নন-গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীদের জন্য পৃথক দু’টি বিভাগ তৈরি করা হবে। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অথচ এখনও কর্মসংস্থানের সুযোগ পাননি, এমন যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বছর এই আর্থিক সাহায্য দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে পরীক্ষার প্রস্তুতি চালানোর ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন যোগ্য প্রার্থীরা। প্রকল্পের খুঁটিনাটি নিয়ে কাজ চলছে। খুব শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু।