ওঙ্কার ডেস্ক : রাজ্যে এসআইআর বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার তোড়জোড় করছে নির্বাচন কমিশন। আর এই এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দের। সে কথা মাথায় রেখে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বিএলএ ২ এর ৯৫ হাজার বুথ লেভেল এজেন্টের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে।
বুধবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে বিএলএ ১-এর ওয়ার্কশপ ছিল কংগ্রেসের। সেই কর্মসূচি থেকে দলের পর্যবেক্ষক গোলাম মির এই নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এই নির্দেশ ঘিরে ঘিরে হাত শিবিরে তৈরি হয়েছে ধন্দ। কারণ ২০ অক্টোবর সময়সীমা ধরলে হাতে আর মাত্র রয়েছে ১২ দিন। এত কম সময়ের মধ্যে বিএলএ ২ বাছাই করা কীভাবে সম্ভব, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, বিধানসভা ভিত্তিক বিএলএ–কে বিএলএ–১ এবং বুথ ভিত্তিক এজেন্টকে বলা হয় বিএলএ–২। রাজ্যে প্রায় ৮৪ হাজার বুথ রয়েছে।
বুধবারের কর্মসূচিতে জেলা সভাপতিরা ছিলেন। এ ছাড়াও প্রতিটি বিধানসভাতেই নিযুক্ত বিএলএ ১ এদিন সভায় ছিলেন। প্রত্যেক বিধানসভা ধরে বিএলএ ১ সংশ্লিষ্ট বিধানসভার প্রতি বুথে বিএলএ ২ নিয়োগ করবেন। দলের তরফে নিযুক্ত করা বিএলএ ২-ই সরকারি প্রতিনিধি বুথ লেভেল অফিসার বা বিএলও-দের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই করবেন। এদিনের সভায় মির বলেন, ‘বাস্তবটা মেনে নিয়েই নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে হবে। সব না হোক, চেষ্টা করতে হবে যতটা সম্ভব বুথ লেভেল এজেন্ট দেওয়া যায়।’
