ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই আবহে ভোটার তালিকা থেকে কারোর নাম যাতে বাদ না যায় সেদিকে সতর্ক নজর রেখেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। চলমান পরিস্থিতিতে নিজেদের সংগঠন আরও পোক্ত করার কাজে মনোনিবেশ করেছে কংগ্রেস। হাত শিবিরের তরফে বাংলায় ৭০ জনের ‘মুখপাত্র সেনা’র তালিকা প্রস্তুত করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
কংগ্রেস সূত্রের খবর, মুখপাত্র বাছাইয়ের কাজের জন্য দিল্লি থেকে কলকাতায় আসেন এআইসিসির জাতীয় মিডিয়া কো-অর্ডিনেটর মহিমা সিং। তবে যারা আগে থেকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁদের মধ্যে অনেকে এই প্রক্রিয়ায় সামিল হননি। মহিমা জানান, নতুন কমিটি নিয়ে যাঁদের আপত্তি থাকবে, তাঁদের নিয়ে দল কোনও ‘বিকল্প’ পথের কথা ভাববে না। এমনকি জাতীয় স্তরে মিডিয়া অ্যান্ড পাবলিসিটির চেয়ারম্যান পবন খেরাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজের নাম নথিভুক্ত করেছেন। গোটা দেশে এই সুনির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ হবে বলে হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন।
পাশাপাশি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের কমিটি নতুন করে গঠন করা হবে। যে কমিটিতে থাকবেন ১৫ জন মুখপাত্র, ১৫ জন টিভি প্যানেলিস্ট। গবেষণামূলক কাজকর্মের জন্য থাকবে একটি রিসার্চ টিমও। তবে মহিমা জানিয়েছেন, যারা কংগ্রেসে যোগ দিয়েছেন এক বছরও হয়নি, তাঁরা দলের মুখপাত্র বা টিভি প্যানেলিস্ট হতে পারবেন না। মুখপাত্র হতে গেলে অন্তত এক বছর সংগঠনের কাজ করতে হবে বলে জানান তিনি।
