স্পোর্টস রিপোর্টার : কোচবিহার ট্রফিতে অপ্রতিরোধ্য বাংলা। অসমের পর এবার চণ্ডীগড়ের বিরুদ্ধেও ইনিংস জয় নিশ্চিত করল সৌরাশিস লাহিড়ীর প্রশিক্ষণাধীন দল। এবার জয়ের ব্যবধান আরও বড়। গতকালই অধিনায়ক চন্দ্রহাস দাশ বলেছিলেন, এই ম্যাচে জয় নিশ্চিত করে ফেলবেন তৃতীয় দিনেই। সেই কথা সত্যি প্রমাণ করে চণ্ডীগড়কে ইনিংস ও ২০৪ রানে পরাস্ত করতে পুরো তিন দিনও লাগল না।
আজ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে ৬১.২ ওভারে ৩০২ রানে শেষ হয় চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস। আদিত্য ৭২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। ওপেনার রূপেশ যাদব করেন ১০৭ বলে ৫০। অগস্ত্য শুক্লা সাতটি মেডেন-সহ ১৮ ওভারে ৬৪ রান দিয়ে চার উইকেট নেন। রোহিত ১টি মেডেন-সহ ১০.২ ওভারে ৮৩ রানের বিনিময়ে পান চার উইকেট। বিরাট চৌহান ৬ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।
এর আগে, চন্দ্রহাসের ৩১৯ বলে ৩৩২, সায়ন পালের ১৫৩ বলে ১১৩ ও আশুতোষ কুমারের ৬৮ বলে অপরাজিত ৫৩ রানের দৌলতে বাংলা ৭ উইকেটে ৬২৮ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল। জবাবে ১২২ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে বাধ্য হয় চণ্ডীগড়। প্রথম ইনিংসে রোহিত পাঁচটি, অগস্ত্য ও আশুতোষ ২টি করে উইকেট নিয়েছিলেন।
