জম্মু কাশ্মীরের উধমপুরে জোরদার তল্লাশি অভিযান। জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের এক জওয়ান জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন। শহিদ জওয়ানের নাম আমজাদ পাঠান। তিনি পুঞ্চ জেলার মেন্ধার এলাকার বাসিন্দা।
সোমবার উধমপুর জেলার মাজালতা এলাকার সোহান গ্রাম সংলগ্ন জঙ্গলে এই সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, জঙ্গলে অন্তত তিনজন জঙ্গি লুকিয়ে থাকার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়েই অভিযান শুরু করা হয়। ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি এবং সেনার সতর্ক বাহিনী যৌথভাবে অভিযান চালায়।
উল্লেখ্য, উধমপুরের এই এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তাবাহিনীর নজরে রয়েছে। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কাশ্মীর উপত্যকায় ঢোকার জন্য এই পথ ব্যবহার করে জঙ্গিরা। অতীতেও এই এলাকায় একাধিক সংঘর্ষ ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
