ওঙ্কার ডেস্ক: দুই জায়ের মধ্যে প্রায়ই লেগে থাকত অশান্তি। সেই বিবাদ ঘিরে দীর্ঘদিন ধরেই পরিবারে চলছিল অশান্তি। শেষ পর্যন্ত সেই পরিস্থিতির কারণে দুই ভাই নিজেদের স্ত্রীকে খুন করে জঙ্গলে পুঁতে দিলেন দুই ভাই। অ্যাম্বুল্যান্সে চাপিয়ে দুই মহিলার দেহ নিয়ে গিয়ে পাশের জেলায় মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন দুই অভিযুক্ত। তাঁদের বাবা-মাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শিবশঙ্কর সাহু এবং নবীন সাহু। শিবশঙ্কর পেশায় অ্যাম্বুল্যান্স চালক। গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানিয়েছেন, গত সোমবার দুই ভাই তাঁদের স্ত্রী মিনি প্রিয়া (২৮) এবং রাধিকা কুমারীকে (২০) খুন করেন বলে অভিযোগ। এরপর একটি অ্যাম্বুল্যান্সে করে দেহ দুটি সিমডেগা জেলার জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে গর্ত খুঁড়ে দেহগুলি পুঁতে দেওয়া হয় বলে পুলিশের দাবি। ঘটনার পর নিজেদের অপরাধ আড়াল করতে নতুন কৌশল নেন দুই ভাই। মঙ্গলবার তাঁরা নিজেরাই থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ জানান। দাবি করেন, তাঁদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু তাঁদের বক্তব্যে অসংগতি খুঁজে পায় পুলিশ। সন্দেহের বশে শুরু হয় জিজ্ঞাসাবাদ। লাগাতার জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়েন দুই ভাই। নিজেদের স্ত্রীদের হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, দুই জায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। পরিবারের অশান্তি নিয়ে দুই ভাইও বিরক্ত ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের মাত্র দু’দিন আগে মিনি ও রাধিকা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নিয়েছিলেন। তাহলে সম্পর্কের উন্নতি হওয়ার পরেও কেন তাঁদের খুন করা হল? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। পারিবারিক বিবাদের আড়ালে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, অভিযুক্তদের স্বীকারোক্তির পর সিমডেগা জেলার জঙ্গলে তল্লাশি চালায় পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দুই মহিলার দেহ। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।