অর্পিতা মুখার্জী: বঙ্গোপসাগরে তৈরি হল নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মৌসম ভবন জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে সিস্টেমটি।
আগে পূর্বাভাস ছিল মধ্যরাতে ঘূর্ণিঝড় তৈরি হবে, কিন্তু তার আগেই শক্তি বাড়িয়েছে মুরাসু। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে নেল্লোর ও নরসাপুরের মাঝামাঝি অংশ দিয়ে স্থলভাগে ঢোকার কথা। যেহেতু আগে তৈরি হয়েছে, ল্যান্ডফলও এগিয়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।
মুরাসুর প্রভাবে উপকূলে হাওয়ার গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে, দমকায় ১২০ কিলোমিটার ছুঁতে পারে। এই নামটি দিয়েছে ভারত। তামিল শব্দ ‘মুরাসু’ হল প্রাচীন ঢাক, যা দিয়ে আগে প্রাকৃতিক দুর্যোগের আগে মানুষকে সতর্ক করা হতো।
কয়েক দিন আগেই অন্ধ্রের বিশাখাপত্তনমের কাছে আছড়ে পড়েছিল অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব, ক্ষতি হয়েছিল অন্ধ্র ও ওড়িশায়। এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় ঘূর্ণিঝড়। তবে এর সরাসরি প্রভাব বাংলায় পড়ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তারপর থেকে আবহাওয়া শুকনো হবে।