ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লিতে চলতি ২০২৬ সালের প্রথম ১৫ দিনে ৫০০-এর বেশি মহিলা নিখোঁজ হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে দাবি করা হয়েছিল। সেই বিষয়ে এবার স্পষ্ট বিবৃতি দিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ জানিয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে এমন ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে। এই ধরনের ভুয়ো খবর ছড়ালে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর পুলিশের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে, ‘কয়েকটি তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে আমরা জানতে পেরেছি, দিল্লিতে হঠাৎ করে বালিকা নিখোঁজ বেড়ে যাওয়া সংক্রান্ত যে খবর রটানো হচ্ছে, তার নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। আর্থিক লাভের জন্য এ ভাবে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। আমরা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করব।’
উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়, রাজধানী শহর দিল্লিতে ১৫ দিনে ৮০৭ জন নিখোঁজ হয়েছেন বলে। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও নাবালিকা বলে দাবি করা হয়। প্রতিদিনের হিসেবে যা গড়ে প্রায় ৫৪টি বলে রিপোর্টে দাবি করা হয়েছিল। বলা হয়েছিল, নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও নাবালিকা এবং পুরুষ ২৯৮ জন। যদিও দিল্লি পুলিশের তরফে এই তথ্যকে ভুয়ো বলে দাবি করা হল।
