স্পোর্টস রিপোর্টার: মোহনবাগান ছাড়ার পরে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ডিভিশনের দল সিডনি অলিম্পিক এফসিতে সই করলেন তারকা স্ট্রাইকার দিমিত্রি পেত্রত্রাস । ২০২২-২৩ মরশুমে মোহনবাগানে সই করেছিলেন দিমি। এই অস্ট্রেলীয়কে ‘দিমি গড’ নাম রেখেছিল সবুজ মেরুন সমর্থকরা। প্র্যাকটিস শেষ করে বাড়ি ফেরার সময়, বা ছুটির দিনে একাধিকবার স্থানীয় বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে দেখা যায় তাঁকে। একই দলে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সের মতো অস্ট্রেলিয়ান তারকারা থাকলেও, মন জিতে নেন দিমি। আইএসএল থেকে ডুরান্ড, আইএফএ শিল্ড, একাধিক ডার্বিতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর করা শেষমুহূর্তের গোলে জেতে মোহনবাগান। তাঁর ‘ট্রেডমার্ক’ সেলিব্রেশনও জনপ্রিয় হয়ে ওঠে। এএফসি কাপ খেলতে সৌদি না যাওয়া নিয়েও সমর্থকরা তাকে বিদ্রুপ করেন। এরপর বাগান তাকে ছুটি দিয়ে দেয়। এবারে নতুন যাত্রা দিমির।