স্পোর্টস রিপোর্টার, কলকাতা, ১১ সেপ্টেম্বর: জাঁকজমক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্ট ২০২৬। হরিনাভি’র স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি’তে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরে এসেছে দেশের প্রতিশ্রুতিবান ব্যাডমিন্টন প্রতিযোগীরা।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি চেতন আনন্দের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, রাজ্য ব্যাডমিন্টনের সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায়।। রাজ্য সংস্থার সচিবের পাশাপাশি শেখর বিশ্বাস ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি।
দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্র শাষিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিযোগী এই র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী রয়েছে। এই টুর্নামেন্টে বাংলা থেকে প্রতিনিধিত্ব করছে ৯০ জন। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছয় লক্ষ টাকা।
নারী এবং পুরুষ বিভাগে সিঙ্গেলস-এ জয়ী প্রতিযোগীরা পাবে ৭২ হাজার টাকা করে। রানার্সদের দেওয়া হবে ৩৬ হাজার টাকা করে। সেমিফাইনালিস্ট’রা পাবে ২৮ হাজার টাকা করে এবং কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ২৪ হাজার টাকা করে।
অপর দিকে, উভয় বিভাগে ডাবলসে জয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা করে। এই বিভাগে রানার্স জুটি পাবে ৩৬ হাজার টাকা এবং সেমিফাইনালিস্টদের দেওয়া হবে ২৮ হাজার টাকা করে।