ওঙ্কার ডেস্ক: অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় অযোগ্যদের ছাঁটাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। তালিকায় থাকা অযোগ্যদের চিহ্নিত করে তাঁদের নাম বাদ দিতে হবে বলে নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে। এই কাজ চলতি সপ্তাহের মধ্যেই শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। রাজ্যের সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সম্প্রতি অক্টোবর মাসে যাঁরা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের নামের তালিকা বিশেষভাবে পরীক্ষা করতে বলা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, অক্টোবরের উপভোক্তা তালিকায় কয়েকজন ভুয়ো নাম থাকতে পারে। নির্দেশিকায় অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার জন্য নির্দিষ্ট কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। তালিকায় কোনও সরকারি কর্মচারী, আয়করদাতা কিংবা মৃত ব্যক্তির নাম রয়েছে কি না, তা তদন্ত করে দেখতে হবে। এমন নাম পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
উল্লেখ্য, অযোগ্য ব্যক্তিরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না বলে আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার পর উপভোক্তা তালিকা যাচাইয়ের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, এখনও পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়েনি। তবে বুধবার রাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীপাবলির আগেই এই প্রকল্পের ১ কোটি ৬৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানো হবে। একই সময়ে আরও কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্পের অর্থও বণ্টন করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতার উপভোক্তা এবং ৩ লক্ষ লোকপ্রসার শিল্পী ওই অর্থ পাবেন।