ওঙ্কার ডেস্ক: ইরানের তেলবাহী জাহাজগুলিকে বেআইনিভাবে নথিভুক্ত করতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় দম্পতি-সহ চার নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। ওই দম্পতির সংস্থার পাশাপাশি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তুরস্কের একটি সংস্থাও। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন রাজস্ব দফতর।
অভিযুক্ত দম্পতি চণ্ডীগড়ের বাসিন্দা সুনীলকুমার শর্মা এবং যশপ্রীত প্রীতি শাহিদ। মার্কিন প্রশাসনের অভিযোগ, তাঁদের পরিচালিত সংস্থা ইরানের তেল পরিবহণকারী জাহাজগুলিকে অবৈধভাবে রেজিস্ট্রেশন করিয়ে দিত। এমনকি নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলির জন্য জাল শংসাপত্রও তৈরি করা হত। ওই সংস্থার সঙ্গে যুক্ত আরও দুই ভারতীয় অশ্বিনীকুমার ধীমান এবং ইশবিন্দর সিংহের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের তেল বিক্রির অর্থ যাতে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা না যায়, সেই লক্ষ্যেই ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানের আওতায় ইরান থেকে তেল নিয়ে আসা এবং ইরানের উদ্দেশে তেল পরিবহণকারী জাহাজগুলির উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি, পরোক্ষভাবে ইরানের সঙ্গে বাণিজ্য করা কিংবা দেশটির আর্থিক সুবিধা হয় এমন কাজে যুক্ত ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
বুধবার মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট বলেন, “হয় আপনি আমাদের পক্ষে, না-হলে বিপক্ষে। যাঁরা এখনও ইরানকে সমর্থন করে যাচ্ছেন, আমরা তাঁদের উপর নিষেধাজ্ঞা আরোপ করব।” মার্কিন রাজস্ব দফতরের দাবি, চণ্ডীগড়ের ওই দম্পতি একটি সংস্থা ও ওয়েবসাইটের মাধ্যমে জাহাজের রেজিস্ট্রেশন এবং নাবিকদের প্রশিক্ষণের পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। বিভিন্ন দেশের পরিচয় ব্যবহার করে একাধিক জাহাজকে শংসাপত্র দেওয়া হত। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই জাহাজগুলির অনেকগুলিই ইরানের সামরিক বাহিনী পরিচালনা করে।