ওঙ্কার ডেস্ক: তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হল হস্টেলের ঘর থেকে। প্রাথমিক ভাবে ওই চিকিৎসক আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হলেও পরিবারের দাবি ভিন্ন। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগেরবাজারের একটি হস্টেলে থাকতে ওই চিকিৎসক। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। মৃতের নাম অভিজিৎ সরকার (২৮)। মৃত্যুর আগে নিজের হোয়াট্সঅ্যাপ স্টেটাসে তিনি লিখেছিলেন, “আমি আর পেরে উঠছি না।”
স্থানীয় সূত্রে খবর, অভিজিৎ নদিয়ার মাঝেরগ্রামের সাপজলার বাসিন্দা। ২০১৮ সালে এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি । এর পর সেখানেই হাউসস্টাফ হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের লোকজনের দাবি, রবিবার বিকেল ৪টে নাগাদ হস্টেলের পক্ষ থেকে বাড়িতে ফোন করা হয়। জানানো হয়, অভিজিৎ আত্মহত্যা করেছেন। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
পরিবারের দাবি, গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে বেশ কিছ ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে থাকছিলেন অভিজিৎ। সন্দেহ করা হচ্ছে, কোনও কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই তরুণ। তবে ঠিক কী কারণে আতঙ্কে ছিলেন, তা স্পষ্ট নয়। অভিজিতের আত্মীয়দের দাবি, তিনি আত্মহত্যা করেননি। তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ইতিমধ্যে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যেরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।