অর্পিতা মুখার্জী, কলকাতা: সময় বেঁধে দেওয়া হয়েছিল রাত ৮টা থেকে ১০টা। শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত সবুজ বাজি ফাটানোর অনুমতি ছিল। সাইলেন্স জোনে বাজি নিষিদ্ধ ছিল। কিন্তু কালীপুজোর রাতে সেই সব নিয়মই কার্যত উড়ে গেল কলকাতার আকাশে। রবিবার বিকেল গড়াতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শব্দবাজির দাপটের অভিযোগ আসতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। আর সেই তাণ্ডব রুখতে গিয়ে কার্যত ধরপাকড়ে নামতে হল পুলিশকে।
কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, কালীপুজোর রাতে শুধু নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগেই গ্রেফতার হয়েছেন ২০৫ জন। অসংযত আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৩৮৭ জন। সব মিলিয়ে এক রাতে মোট গ্রেফতার ৫৯২ জন। গোটা দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি। পাশাপাশি ৬ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এ বার নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার বেড়েছে, কিন্তু বাজেয়াপ্ত বাজির পরিমাণ কমেছে অনেকটাই। ২০২৫ সালে নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ১৮৩ জন। অসংযত আচরণের জন্য ৪৫১ জন এবং জুয়া খেলার জন্য ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। সে বার গোটা শহর থেকে বাজেয়াপ্ত হয়েছিল ৮৫২.৪৫ কেজি বাজি। বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছিল ৬৮.৪ লিটার। অর্থাৎ এ বার গ্রেফতার বেশি হলেও, বাজি ধরা পড়েছে গতবারের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ।
বাজির পাশাপাশি রাস্তাতেও নিয়ম ভাঙার ছবি ধরা পড়েছে। কালীপুজোর রাতে পথ-বিধি ভাঙার অভিযোগে মোট ৫৯৩টি মামলা হয়েছে। এর মধ্যে হেলমেট ছাড়া দু’চাকা চালানোর জন্য ৩৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চালকের পিছনের আসনে বসে হেলমেট না পরার জন্য ১২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৬৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বছর পথ-বিধি ভাঙার অভিযোগে মামলার সংখ্যা ছিল ৮৮২টি। এ বার সেই সংখ্যা কমলেও, এক রাতে এত মামলা পরিস্থিতির ভয়াবহতাই বুঝিয়ে দিচ্ছে।
এ বারের কালীপুজোর আগেই রাজ্য সরকারের তরফে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, দীপাবলি বা কালীপুজোর রাতে ৮টা থেকে ১০টার মধ্যেই বাজি ফাটাতে হবে। সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার করলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। স্কুল, হাসপাতাল চত্বরের ১০০ মিটারের মধ্যে থাকা সাইলেন্স জোনে বাজি ফাটানো পুরোপুরি নিষিদ্ধ ছিল। নজরদারি চলবে বলেও জানানো হয়েছিল। কিন্তু তারপরেও শব্দবাজির তাণ্ডব নিয়ে যে আশঙ্কা ছিল, তা-ই সত্যি হল বলে দাবি নাগরিকদের বড় অংশের।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রাতে পুলিশকে সঙ্গে নিয়ে পথে নামতে হয় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। তিনি জানান, ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গে যোগাযোগ করেছেন।
নাগরিকদের অনেকের অভিযোগ, এই পরিস্থিতির পিছনে শাসকদলের কিছু বিধায়ক, নেতার মন্তব্যও দায়ী। বিজেপি বিধায়ক, নেতাদের অনেকেই বলেছিলেন, বাজি পোড়ালে মন ভাল থাকে। পোকামাকড় থাকে না। যাঁদের বাড়িতে অসুস্থ মানুষ, শিশু বা পোষ্য রয়েছে, তাঁদের অনেকেরই অভিযোগ, নেতা-বিধায়কদের এই ধরনের মন্তব্যের কারণে কালীপুজোর দিন বাজি আরও বেশি পুড়েছে। তাতে বিপত্তি বেড়েছে শিশু থেকে বৃদ্ধ অনেকেরই।
সব মিলিয়ে, নিয়ম ছিল, হুঁশিয়ারি ছিল, পুলিশের অভিযানও ছিল। কিন্তু তারপরেও কালীপুজোর রাতে কলকাতা যেন শব্দবাজির দাপট থেকে রেহাই পেল না। গ্রেফতার আর বাজেয়াপ্তের সংখ্যা যেমন সামনে এল, তেমনই সামনে এল নাগরিকদের ক্ষোভ — নিয়ম মানানো গেল কই?