ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কের কূটনৈতিক উত্তাপের মাঝেই ফের ভারতকে খোঁচা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিস্ফোরক পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন ভারতের অর্থনীতি ‘মৃত’, সঙ্গে রাশিয়ারও তাই। দুই দেশ চাইলে একসঙ্গে আরও অবনতির দিকে এগোতে পারে বলেই কটাক্ষ তাঁর। ট্রুথ স্যোসালের একটি পোস্টে ট্রাম্প স্পষ্ট লেখেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে কিছু যায় আসে না। দু’জনে মিলে তাদের মৃত অর্থনীতিকে আরও ধ্বংস করুক।” একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা খুবই সীমিত, কারণ ভারতীয় শুল্ক বিশ্বে সবচেয়ে বেশি। “আমরা রাশিয়ার সঙ্গেও কার্যত কোনও বাণিজ্যই করি না,” যোগ করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্য শুধু বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে মন্তব্য বয় এটি সমসাময়িক পরিস্থিতিতে এক কূটনৈতিক বার্তাও বটে। কারণ, কয়েক দিন আগেই রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আমেরিকাকে কটাক্ষ করে বলেছিলেন, ওয়াশিংটনের উস্কানিতে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। এবার তাঁর দিকেও তির ছুড়লেন ট্রাম্প তাঁকে ‘ব্যর্থ প্রাক্তন প্রেসিডেন্ট’ বলে বিদ্রুপ করেছেন। এর মাঝেই ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আরও চমকপ্রদভাবে, রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্ককে দায়ী করে তিনি ‘পেনাল্টি’রও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই জরিমানার প্রকৃতি কী, তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, রাশিয়া থেকে ভারত জ্বালানি ও অস্ত্র আমদানি করে এই সম্পর্ক নিয়েই অসন্তোষ প্রকাশ ট্রাম্পের। তাঁর যুক্তি, একদিকে ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, অন্যদিকে আমেরিকার সঙ্গে চড়া শুল্কে বাণিজ্য চালিয়ে যাচ্ছে যা মেনে নেওয়া যায় না। ট্রাম্পের এই মন্তব্য ও পদক্ষেপের পরেই ভারতের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানায়, “মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য সরকারের নজরে এসেছে। তার প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। একটি ভারসাম্যপূর্ণ ও দু’পক্ষের লাভজনক বাণিজ্যচুক্তির লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে কয়েক মাস ধরেই আলোচনা চলছে।”
আলোচনার পথ যে এখনও বন্ধ হয়নি, তা নিজেই জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, “ভারতের সঙ্গে আলোচনা চলছে। সপ্তাহের শেষে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে।”
আগামী দিনে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। প্রশ্ন উঠছে এই শুল্ক চাপ ও ‘জরিমানা’র হুমকি কি ভবিষ্যতের বৈদেশিক নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।
