ওঙ্কার ডেস্ক: ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে কোনও রকম আপোষ না করার আর্জি জানালেন এক ইরানি যুবক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই আবেদনের পর নিজেই আত্মহত্যা করেন তিনি। ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ১০ মিনিট ৪৪ সেকেন্ড ধরে ওই যুবক ভিডিওতে কথা বলছেন। ইরানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম পুরিয়া হামিদি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে যুবক বলেন, ‘আপনি যদি এটি দেখছেন, তাহলে আমি আর নেই।’ ইরানের দক্ষিণ বন্দর শহর বুশেহরের বাসিন্দা ছিলেন হামিদি। গত ৫ ফেব্রুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে ওই যুবক আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধের চেয়েও বেশি ৪০,০০০ এরও বেশি মানুষ মারা গেছেন, গণহত্যা করা হয়েছে।’ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা আমার ত্যাগ – দয়া করে, আমার দেশকে মুক্ত করুন।’
ইংরেজিতে রেকর্ড করা ভিডিওতে হামিদি ট্রাম্প প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তেহরানের সঙ্গে যে কোনও কূটনৈতিক চুক্তি না করার জন্য। আয়াতোল্লাহ আলি খামেইনির শাসনকালে তাঁর সঙ্গে যে কোনও চুক্তি নিহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বলে দাবি তাঁর। তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানবাসীকে বলেছিলেন ‘প্রতিবাদ চালিয়ে যেতে, আমরা তা করেছি, তাঁর উপর আস্থা রেখেছি।‘ কিন্তু সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় বলে মত তাঁর। ওই যুবক মনে করেন, বহিরাগত সমর্থন ছাড়া ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না ইরানিরা।
