ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘ বিশ্বে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি রাষ্ট্রসঙ্ঘকে নিশানা করেছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘রাষ্ট্রসঙ্ঘের কাজ কী? দেখে মনে হয়, তারা শুধু কঠিন কঠিন শব্দে চিঠি লিখতে পারে। এগুলি সব ফাঁপা কথা। অন্তঃসারশূন্য কথা দিয়ে যুদ্ধ থামানো যায় না।’ পাশাপাশি অভিবাসন প্রসঙ্গে ব্রিটেন-সহ পশ্চিমি দেশগুলিকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত খোলা রাখা নিয়ে পশ্চিমা দেশগুলির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের দেশগুলি জাহান্নামের দিকে এগোচ্ছে।’ রাষ্ট্রসঙ্ঘের মদতে অনুপ্রবেশ চলছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দিলেন। সম্প্রতি ব্রিটেন অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে। যদিও সে দেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অতি দক্ষিণপন্থী বিক্ষোভকারীদের কাছে তিনি মাথা নত করবেন না। তিনি সাফ জানিয়েছিলেন, ব্রিটেনের পতাকা সে দেশের বৈচিত্রের কথা বলে। তাই অভিবাসন বিরোধী ওই বিক্ষোভে তাঁর কোনও সায় নেই।অন্য দিকে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের দেশ থেকে পাকড়াও কপ্রে নিজেদের দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন।
