ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে অন্যতম হল প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মী সংখ্যা কমাতে গণছাঁটাইয়ের সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছিল। এ বার এ বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই রায় দিল।
মার্কিন সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কর্মীদের গণছাঁটাইয়ের প্রক্রিয়া চালাতে পারবে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও আপত্তি জানাচ্ছে না। তবে মামলা এখনও চলবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর, রাজস্ব দফতর, আবাসন ও নগরোন্নয়ন দফতর এবং সামাজিক সুরক্ষা প্রশাসন-সহ ১৯টি সরকারি বিভাগে গণছাঁটাই করতে চাইছেনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিম্ন আদালত আগেই স্থগিতাদেশ দিয়েছিল। তবে মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। ট্রাম্পের এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই নির্দেশ দিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন ইলিনা কেগান এবং সোনিয়া সোতোমেয়র।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষকদের মত, মার্কিন সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আপাতত ডোনাল্ড ট্রাম্প নিজের পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ভাবে কাজ করতে পারবে। তবে যেহেতু মামলাটি চলবে তাই পরে নিম্ন আদালত এ-ও জানাতে পারে যে, ট্রাম্প নিজের এক্তিয়ার-বহির্ভূত কাজ করেছেন।
