ওঙ্কার ডেস্ক: নতুন নির্দেশিকায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে ভারতীয়-সহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের মার্কিন মুলুকে চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হল। কারণ নির্দেশিকায় বলা হয়েছে, এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলিকে বছরে এক লক্ষ ডলার দিতে হবে সরকারকে। প্রসঙ্গত এইচ-১বি ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে থেকে স্থানীয় সংস্থার হয়ে কাজ করেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের নয়া নির্দেশিকার ফলে কোনও সংস্থা বাড়তি এক লক্ষ ডলার খরচ করে বিদেশি কর্মী নেওয়ার পথে হাঁটবে না। ট্রাম্প প্রশাসনের দাবি, এই নির্দেশিকার লক্ষ্য হল দেশের সংস্থায় চাকরি দেওয়ার ক্ষেত্রে মার্কিনিদেরকে অগ্রাধিকার দিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশনামার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় ধরণের প্রভাব পড়বে। কারণ বহু তথ্যপ্রযুক্তি সংস্থা বিদেশি কর্মীদের নিয়োগ করে। মূলত দক্ষতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়। দক্ষ কর্মীদের সিংহ ভাগ যান ভারত এবং চিন থেকে। শুক্রবার নতুন নির্দেশিকায় ট্রাম্প স্বাক্ষর করার মার্কিন বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক সংস্থাগুলির উদ্দেশে বলেন, ‘আমাদের এখানে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যাঁরা পাশ করছেন, আপনারা নিয়োগ করতে চাইলে তাঁদের নিয়োগ করুন।’ তাঁর আরও সংযোজন, মার্কিনিদের শেখান। বাইরে থেকে লোক এনে আমাদের দেশের নাগরিকদের চাকরি খাওয়া বন্ধ করুন।’ উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী গত বছর মার্কিন মুলুকে এইচ-১বি ভিসা পেয়ে বেশি সুবিধা ভোগ করেছেন ভারতের কর্মীরা। ভারত থেকে ৭১ শতাংশ আবেদন গৃহীত হয়েছে। চিনের ক্ষেত্রে ১১.৭ শতাংশ ভিসার আবেদন গৃহীত হয়েছে।
