নিজস্ব সাংবাদিক : পুজোর সময় নানান জায়গায় বই ও পত্রপত্রিকার স্টল দেয় সিপিএম। বহু বছর ধরে চলে আসছে তাদের এই জনসংযোগ কর্মসূচি। এবারও তার অন্যথা হয়নি। বহু জায়গায় এই স্টলের সামনে চলে সাংস্কৃতিক পরিবেশনও। সিপিএম কর্মীরা গান, নাচ, আবৃত্তি নিয়ে পথচলতি পুজোর দর্শনার্থীদের নজর কাড়েন। কাঁচড়াপাড়ায় সিপিএমের এরকমই এক বইর স্টলের সামনে এক তরুণীর নৃত্য পরিবেশনা নজর কাড়লো পুজোর দর্শনার্থীদের। কবি সুকান্ত ভট্টাচার্যের ‘রাণার’ কবিতার ছন্দে ওই তরুণীর নৃত্য ভঙ্গিমা ও উচ্ছ্বাস দেখে থমকে দাঁড়ালেন বহু মানুষ। দেখতে দেখতে সিপিএমের ওই বইস্টলের সামনেরটা রূপান্তরিত হল এক মঞ্চে। তাকে ঘিরে কৌতুলি জনতা। তরুণীর নৃত্য উপভোগ করতে দেখা গেল তাঁদের। স্বাভাবিক ভাবে সেই নৃত্যের দৃশ্য ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। বললেন, “সিপিএমের সঙ্গে বিরোধ থাকবেই। কিন্তু মেয়েটির পারফরমেন্স খুব ভালো লাগলো। যে কোনও দল যখন কঠিন সময়ে থাকে, তখন মেদ ঝরা উপস্থিতির এই তারুণ্যের ঝলক স্বাস্থ্যকর। নতুনরা এই ধরণের পারফরম করলে ভালো লাগে। একজন রাজনীতিমনস্ক তরুণী। মঞ্চ নয়, রাস্তাতেই সাধনা উজাড় করে দিচ্ছে।”
একই সঙ্গে নিজের দলের তরুণদের উজ্জীবিত করতে কার্যত কাঁচড়াপাড়ার ওই তরুণীর নৃত্যকে তুলে ধরলেন। বললেন, “আমার দলের নতুন প্রজন্মেরও অনেকে আছে, তবু, এধরণের ডেডিকেশন আরও বাড়ানো দরকার।”
