ওঙ্কার ডেস্ক: ভূমিকম্পে কাঁপল শহর কলকাতা এবং প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন এলাকা। শুক্রবার সকালে এই কম্পনের ফলে উদ্বেগ তৈরি হয় শহরবাসীর মধ্যে। জানা গিয়েছে, এদিন কম্পনের উৎস ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে শুক্রবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে যেমন কম্পন টের পাওয়া গিয়েছে তেমন দক্ষিণবঙ্গের মাটিও কেঁপে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে এদিন ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। শুক্রবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কলকাতার বিভিন্ন বহুতল অফিসের কর্মীরা কম্পন টের পান। সিলিংয়ে ঝুলন্ত পাখা নড়তে থাকে। অনেকে ভয়ে বাইরে বেরিয়ে আসেন। বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন চলে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এখনও পর্যন্ত কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উল্লেখ্য, এর আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম। গত ১৪ সেপ্টেম্বর সেই ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। মৃদু প্রভাব পড়েছিল মহানগর কলকাতাতেও। দক্ষিণবঙ্গের মানুষও হাল্কা কম্পন টের পেয়েছিলেন। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুরি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮।
