ওঙ্কার ডেস্ক: সল্টলেকের অফিসে ইডির হানার পর প্রতিক্রিয়া জানালেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি তাঁর অফিসে তল্লাশি চালায়। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সুজিত বসু বলেন, “ভোট এলেই ইডি আসে। দুর্নীতির কোনও প্রমাণ মেলে না। তাহলে কেন আসে? এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা, যার লক্ষ্য বিরোধী নেতাদের ভয় দেখানো।”
মন্ত্রী জানান, শুধু অফিস নয়, তাঁর একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হয়েছে। এমনকি তাঁর রেস্তরাঁতেও অভিযান চালিয়েছে ইডি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই যে এত অভিযোগ, প্রমাণ থাকতে হবে তো! বারবার তদন্ত হচ্ছে, কিন্তু কিছুই বেরোচ্ছে না।” সুজিত বসুর দাবি, এই ধরনের পদক্ষেপ মানুষকে বিভ্রান্ত করার কৌশল মাত্র। তিনি বলেন, “আমার এলাকার মানুষই আমার সার্টিফিকেট। তারা জানে আমি কেমন কাজ করি। যাঁরা এসব করছে, তাঁদের আসল উদ্দেশ্য রাজনৈতিক প্রতিশোধ।” প্রসঙ্গত ২০২৪ সালের জানুয়ারি মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় দমকল মন্ত্রী সুজিত বসুর। তখন তাঁর বাড়িতে ১৪ ঘন্টা তল্লাশি চালায় ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশির উদ্দেশ্য আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু নথি খোঁজা। তবে মন্ত্রীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং কোনও বেআইনি কাজের সঙ্গে তাঁর নাম জড়ানো নিছকই রাজনৈতিক নাটক। রাজ্যের রাজনৈতিক মহলে এই ইডি অভিযান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ একে কেন্দ্রের চাপ সৃষ্টি বলছেন, কেউ বা দাবি করছেন, তদন্ত সংস্থার কাজ করতে দেওয়া উচিত।
সুজিত বসুর পাশাপাশির লেক টাউনের নিতাই দত্তের বাড়িতেও হানা দেয় ইডি। দমদম পুরসভায় ভাইস প্রেসিডেন্ট থাকার সময় আপ্ত সহায়ক ছিলেন তিনি। পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি মামলায় যাদের নাম উঠে এসেছে তাদে বাড়িতে হামলা ও জিজ্ঞাসাবাদ চালাছে এনফোর্সমেন্ট ডেস্ক।
