ওঙ্কার ডেস্ক: ছয় রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। তবে এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে।
সূত্রের খবর, যে ছয় রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সময়সীমা বাড়ানো হয়েছে সেগুলি হল তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়নি গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের জন্য। এই চার রাজ্যে বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। কমিশন সূত্রের খবর, এনুমারেশনের জন্য তামিলনাড়ু এবং গুজরাটের ক্ষেত্রে বর্ধিত সময়সীমা হল ১৪ ডিসেম্বর; মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ১৮ ডিসেম্বর, উত্তরপ্রদেশের জন্য ২৬ ডিসেম্বর। প্রসঙ্গত, এসআইআর এর পর তামিলনাড়ু এবং গুজরাটের জন্য খসড়া তালিকা প্রকাশের সংশোধিত তারিখ হল ১৯ ডিসেম্বর; মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ২৩ ডিসেম্বর এবং উত্তরপ্রদেশের জন্য ৩১ ডিসেম্বর।
উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন ঘিরে সরগরম দেশের রাজনীতি। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক্সারিতে রেখে ক্রমাগত আক্রমণ শানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় কাজের চাপ সামলাতে না পেরে একাধিক বুথ লেভেল আধিকারিক আত্মহত্যা করেছেন। শুধু তাই নয় নাম বিভ্রাটে একাধিক ভোটারও আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
