ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিলের’ সমালোচনা আগেই করেছিলেন ইলন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাস হলে এবার নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন এই ধনকুবের। ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটের আগে ইলন মাস্ক এই হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আর পরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা! আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি, তাহলেও নিশ্চিত করব যে তাঁরা যেন আগামী বছর প্রাথমিক বাছাইয়ে হেরে যান।’ এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেছেন, যদি আইনপ্রণেতারা সিনেটে ট্রাম্পের ব্যয় বিল পাস করেন, তাহলে তিনি ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্যদলের বিকল্প হিসেবে একটি নতুন দল – আমেরিকান পার্টি – চালু করবেন। ধনকুবেরের হুঁশিয়ারি যদি এই ‘উন্মাদ’ ব্যয় বিল পাস হয়, তাহলে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে বিপ অর্থ খরচ করেছিলেন মাস্ক। প্রায় ২৭ কোটি ৫০ লাখ ডলারের বেশি খরচ করেছিলেন তিনি। যদিও গত মে মাসের তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক খাতে খরচ কমিয়ে দেওয়ার কথা। হোয়াইট হাউসের উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর এটি মাস্কের সবচেয়ে জোরাল রাজনৈতিক হুমকি বলে মনে করা হচ্ছে।
