ওঙ্কার ডেস্ক: আবারও পুরনো জুটিকে ফেরাচ্ছে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। সম্প্রতি স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শোলাঙ্কি রায়। ওই ধারাবাহিকে প্রথমবার জুটি হিসেবে দর্শক দেখেছিলেন তাঁদের। বিশেষত, গৌরব-শোলাঙ্কির জুটিকে আবারও পর্দায় নতুন রূপে দেখার জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিছুদিন ধরেই টলিপাড়ার কানাঘুষো, নতুন ধারাবাহিকে ফিরছেন এই অনস্ক্রিন জুটি। গুঞ্জন সত্যি হল। অ্যাক্রোপলিসের হাত ধরেই স্টার জলসার পর্দায় ফিরলেন গৌরব-শোলাঙ্কি। গৌরব-শোলাঙ্কির সঙ্গে এই মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা কৌশিক রায়।
জানা যাচ্ছে, এই ধারাবাহিকে কৌশিককে দেখা যেতে চলেছে ধূসর চরিত্রে। তাঁর চরিত্রটি নাকি গল্প অনুযায়ী বদলে যাবে! এমনটাই জানা গিয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে আবারও ছোটপর্দায় ফিরলেন কৌশিক। এবার এই গল্পে পার্শ্ব চরিত্রে ফিরছেন অভিনেতা। প্রসঙ্গত, এবার এলা ও গোরার গল্প বলবেন গৌরব-শোলাঙ্কি। ‘এলা’র চরিত্রে শোলাঙ্কি আবারও মানানসই। যার মধ্যে সব সময় কাজ করে ইতিবাচক সত্তা। অন্যদিকে, একেবারে ভিন্ন মেরুর মানুষ ‘গোরা’, এই চরিত্রে গৌরব। তার কাছে ভালবাসা মানে সময় নষ্ট। গম্ভীর মেজাজের গোরার সঙ্গে কীভাবে মিলবে এলার পথ? ধারাবাহিকে সেটাই দেখার।
ধারাবাহিকের ঘোষণা হলেও এখনও পর্যন্ত নাম প্রকাশ হয়নি এই মেগার। তবে সামনে এসেছে এই ধারাবাহিকে নায়ক-নায়িকার প্রথম ঝলক। মিষ্টি মেয়ে ‘এলা’ ও রগচটা ‘গোরা’র চরিত্রে শোলাঙ্কি-গৌরবকে দেখে দারুণ খুশি অনুরাগীরা। ‘গাঁটছড়া’ শেষ হতে এই জুটির ফেরার অপেক্ষায় ছিলেন যাঁরা, তাঁদের এবার ইচ্ছেপূরণ হল।
