ওঙ্কার ডেস্ক: ছোটপর্দায় পরিচিত মুখ অভিনেত্রী দেবাদৃতা বসু। ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দেবাদৃতা। এবার খবর তাঁকে দেখা যেতে চলেছে বড়পর্দায়।
ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি ‘শেকড়’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিতে তিন প্রজন্মের গল্প বলবেন ব্রাত্য বসু। অভিনয়ে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, ঋদ্ধি সেন ও অঙ্গনা রায় এছাড়াও থাকবেন টলিপাড়ার বিখ্যাত তারকারা। এবার খবর, এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে থাকবে দেবাদৃতা।
ছবিতে তিনি নিজের চরিত্রেই অভিনয় করছেন। জানা গিয়েছে, গল্পের একটি মোড়ে দেখা যাবে দেবাদৃতাকে। ইতিমধ্যেই শুটিং শেষ করে ফেলেছেন তিনি। সমাজমাধ্যমে পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন দেবাদৃতা। নতুন এই যাত্রায় আশাবাদী অভিনেত্রী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প ‘দ্রবময়ীর কাশীবাস’ এবং ‘দাদু’ থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি পরিচালনা করছেন ব্রাত্য বসু। টলিউডের নবীন প্রজন্ম ঋদ্ধি সেন ও অঙ্গনা রায়। এতদিন তাঁরা দর্শকের মন জয় করেছেন নিজেদের অভিনয় শৈলী দিয়ে। এবার একসঙ্গে জুটি বাঁধার পালা। বড়পর্দায় একসঙ্গে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। শিকড়ের টানে ঘরে ফেরার গল্প বলবে এই ছবি। এ ছবির গল্পে ফুটে উঠবে দুই প্রজন্মের ভালবাসার ফিলোসফি। দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গি ঠিক কীভাবে মিলবে, বা মিলবে কিনা সেই নিয়েই চলবে গল্পের টানাপোড়েন।
উল্লেখ্য, এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধছেন ঋদ্ধি ও অঙ্গনা। নিজ নিজ ক্ষেত্রে অভিনয় করে বারবার দর্শকের থেকে প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। এই প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধে ঠিক কেমনভাবে ধরা দিতে চলেছেন তাঁরা? তা তো সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, এই ছবির শুটিং হচ্ছে কলকাতা, বোলপুর, বারাণসীতে।
