ওঙ্কার ডেস্ক: দীর্ঘ বিরতির পর পরিচালকের আসনে ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। শুরু করতে চলেছেন নতুন ছবির কাজ, ছবির নাম ‘চোর’। এক রাতের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করেই এগবে ছবির টানটান গল্প। বাস্তবতার ছোঁয়া রাখতে শুটিং হবে কলকাতার বিভিন্ন পরিচিত লোকেশনে। জানা গিয়েছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিতু কামাল, বিপ্লব চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা ও শঙ্কর চক্রবর্তীর ও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। অতীতে একাধিক ছবি উপহার দিয়েছেন অগ্নিদেব, তাই এবারও দর্শকের প্রত্যাশা পূরণে প্রস্তুত। অগ্নিদেবের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়ও। তবে পর্দার সামনে নয় সংলাপের ত্রুটিপূরণ এবং চিত্রনাট্য লেখার দায়িত্ব তাঁর। পাশাপাশি, দেখা যাবে দেবলীনা কুমার, মানসী সিনহা, অঞ্জনা বসুকেও।
১৯৮৭ সালে বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’–এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। ছোট পর্দায় কাজের মাধ্যমেই তিনি ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন। দীর্ঘ সময় টেলিভিশনে কাজ করার পর তিনি চলচ্চিত্র পরিচালনার দিকে মন দেন। ২০০৭ সালে তিনি পরিচালনা করেন তাঁর প্রথম ছবি ‘প্রভু নষ্ট হয়ে যায়’। এরপর ২০১২ সালে মুক্তি পায় তাঁর আলোচিত ছবি ‘চারুলতা ২০১১’। এই ছবিতে আধুনিক সমাজে বহির্বিবাহ সম্পর্কের জটিলতা ও মানসিক টানাপোড়েন তুলে ধরা হয়েছিল। এরপরে ২০১৮ সালে একটি হিন্দি ছবি করেছিলেন তিনি। এবার ফের নতুন ছবির প্রস্তুতি। প্রায় ৮বছর পর পরিচালনায় ফিরছেন তিনি। স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতুহলের পারদ তুঙ্গে। এখন অপেক্ষা ছবি পর্দায় আসার।
