ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়া যেমন মানুসের নানা উপকারে কাজে লাগে, তেমনি এই সোশ্যাল মিডিয়ায় গুজবের ছড়াছড়িও দেখা যায় সমানভাবে। এ বার গুজবের শিকার হয়েছেন বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে। এ দিন সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তাঁর মালা পরানো ছবি শেয়ার করে দাবি করা হয়, ২০২৫ সালের ১ জুলাই প্রয়াত হয়েছেন এই বিখ্যাত গায়িকা। মুহূর্তে ভাইরাল হয় এই পোস্ট। তবে এবার গুজব রুখতে মুখ খুললেন স্বয়ং তাঁর ছেলে আনন্দ ভোঁসলে। তিনি সাফ জানিয়ে দেন, “এ সব মিথ্যে। মা একেবারে সুস্থ আছেন।”
ঘটনার সূত্রপাত শাবানা শেখ নামক এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ব্যক্তির পোস্টকে কেন্দ্র করে শুরু হয়। তিনিই প্রথম ছড়ান আশার মৃত্যুর মিথ্যে খবর। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেওয়া হয় সেই পেজ থেকে। এই মুহূর্তে আশার বয়স ৯১ বছর। মানসিক ও শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন। দিন কয়েক আগেই মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির ছিলেন আশা ভোঁসলে। রেখার বিখ্যাত ছবি ‘উমরাও জান’-এর এক বিশেষ প্রদর্শনীতে গিয়ে মঞ্চে গানও গেয়েছিলেন তিনি। গেয়ে উঠেছিলেন তাঁরই গাওয়া সেই চিরস্মরণীয় গান ‘দিল চিজ কেয়া হ্যায়’। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনসঙ্গী সুরকার আরডি বর্মনকে নিয়েও কথা বলেন আশা। বলেন, “ওর সুরে সব সময় নতুন কিছু থাকত। বলত, গলা বদলে দাও, নতুনভাবে গাও। ওর থেকে অনেক কিছু শিখেছি।”
আট দশকের বেশি সময় ধরে গানের জগতে রাজত্ব করছেন আশা ভোঁসলে। ঝুলিতে তাঁর অসংখ্য পুরস্কার ও সম্মান। ২০০৮ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। এছাড়াও তিনি পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারও। ৯০ পার করেও কাজ করছেন চুটিয়ে। ভাল আছেন তিনি, আছেন ভালবাসায়।
